জঙ্গলমহলের উন্নয়নে ১২০০ কোটির ঢল, আদিবাসী পড়ুয়া ও জয় জোহার প্রকল্পে বাড়ল ভাতা

জঙ্গলমহলের উন্নয়নে ১২০০ কোটির ঢল, আদিবাসী পড়ুয়া ও জয় জোহার প্রকল্পে বাড়ল ভাতা

বাঁকুড়া: হুল দিবসের সরকারি অনুষ্ঠানে জঙ্গলমহলের উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসী পড়ুয়াদের থাকা-খাওয়ার ভাতার পাশাপাশি বৃদ্ধাদের জয় জোহার প্রকল্পের ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে প্রাক্তন সরকারের বিরুদ্ধে তোপ দেগে জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা:

  • পড়ুয়াদের ভাতা: হস্টেলে থাকা আদিবাসী পড়ুয়াদের মাসিক থাকা-খাওয়ার ভাতা ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে।
  • জয় জোহার প্রকল্প: আদিবাসী বয়স্ক মহিলারা এতদিন মাসে ১০০০ টাকা করে ভাতা পেতেন। এখন থেকে তাঁদের ভাতা আরও ৫০০ টাকা বৃদ্ধি করা হলো।
  • জঙ্গলমহলে বরাদ্দ: গত তিন বছরে জঙ্গলমহলের ৭৫টি ব্লকে নামমাত্র উন্নয়নের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ১২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। স্বাস্থ্যকেন্দ্র, পানীয় জল ও কমিউনিটি হল নির্মাণের পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়াকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

পর্যটন ও অন্যান্য ঘোষণা:

  • মুকুটমণিপুর: মুকুটমণিপুরকে আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পশ্চিমাঞ্চল উন্নয়ন, আদিবাসী কল্যাণ ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হবে।
  • অন্নপূর্ণা যোজনা: ১ জুলাই থেকে রাজ্যের প্রায় ১ কোটি ২০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আওতায় ৩,০০০ টাকা করে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রাক্তন সরকারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি:

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে এক টাকাও না দেওয়ার অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “২০২৫-২৬ অর্থবর্ষে এই ৭৫টি ব্লকে মাত্র ছ’কোটি টাকার কাজ হয়েছিল।” পাশাপাশি, রাজ্যে ভুয়ো জাতিগত শংসাপত্র প্রদানের বিরুদ্ধেও গর্জে ওঠেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভুয়ো শংসাপত্র প্রদানকারী ও প্রাপক—উভয়কেই শাস্তিস্বরূপ জেলে পাঠানো হবে। এছাড়াও সরকারি চাকরিতে তফসিলি জাতি ও জনজাতিদের সংরক্ষণের নীতি বিগত দিনে মানা হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *