রিলসের নেশা কাড়ল প্রাণ, প্রেমিকের ধোঁকা খেয়ে শ্বশুরবাড়ি ফিরতেই চরম পরিণতি বধূর

সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নেশা এবং পরকীয়ার জেরে শেষমেশ মর্মান্তিক পরিণতি হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার যাত্রাডাঙা এলাকায়। মৃতার নাম রিনা মণ্ডল। জানা গিয়েছে, ১২ বছর আগে পলাশ বর্মনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সম্প্রতি মোবাইলে রিলস বানানোর সূত্রে রকি নামের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। এই নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ চরম রূপ নিলে কয়েক মাস আগে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে সংসার ছাড়েন ওই বধূ।
তবে সংসার ছাড়ার পরেই ঘটে বিপত্তি। অভিযোগ, সুযোগ বুঝে রিনার টাকা, গয়না এবং মোবাইল নিয়ে চম্পট দেয় প্রেমিক রকি। প্রেমিকের আসল চেহারা টের পেয়ে অবশেষে স্বামীর ঘরে ফিরে আসেন তিনি। কিন্তু শ্বশুরবাড়িতে ফেরার পর থেকেই তাঁকে লাগাতার কটূ কথা ও অপমানের শিকার হতে হচ্ছিল। শেষপর্যন্ত অপমানে ও অবসাদে নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।