ইচ্ছে করেই নির্দেশ অমান্য! জেলাশাসককে তীব্র ভর্ৎসনা করে সশরীরে তলব হাইকোর্টের
July 11, 202611:57 am

ভিআইপি রোড থেকে উল্টোডাঙা পর্যন্ত বেআইনি নির্মাণ ও জবরদখল সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের রোষানলে পড়লেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। আদালতের নির্দেশ বারবার উপেক্ষা করে যথাযথ রিপোর্ট জমা না দেওয়ায় শুক্রবার তাঁকে কড়া ভর্ৎসনা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
আদালত ক্ষোভ প্রকাশ করে জানায়, জেলাশাসক ইচ্ছে করেই আদালতের নির্দেশ অমান্য করছেন। ২০২২ সাল থেকে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও জমা দেওয়া রিপোর্টে উপযুক্ত পদক্ষেপের কোনো উল্লেখ নেই। বিচারপতির কড়া মন্তব্য, তাঁদের ধৈর্যের যেন পরীক্ষা নেওয়া না হয়। এরপরই আগামী ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় জেলাশাসক শিল্পা গৌরীসারিয়াকে হলফনামা ও পূর্ণাঙ্গ রিপোর্ট-সহ সশরীরে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।