মুর্শিদাবাদে নৃশংস হত্যাকাণ্ড: জমি বিবাদের জেরে বৃদ্ধকে কুপিয়ে খুন!

মুর্শিদাবাদ: জমি বিবাদ ও পুরোনো শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় উত্তাল মুর্শিদাবাদের নবগ্রাম। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ নবগ্রামের খাজুরিয়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম নফল শেখ (৬২)। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী হাবু শেখ (৬০) পলাতক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রাত্যহিক রুটিন অনুযায়ী রবিবার সকালে দুধ বিক্রি করে ফিরছিলেন নফল শেখ। খাজুরিয়া ফিল্ডের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই ধারালো হাসুয়া নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে প্রতিবেশী হাবু শেখ। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই পরিকল্পিত খুন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কান্নায় ভেঙে পড়েছে নিহতের পরিবার, তাঁরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্তকে ধরতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। জমি বিবাদ ছাড়াও এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।