করোনায় আক্রান্ত জান কুমার শানু, ফের কি ফিরে আসছে অতিমারি আতঙ্ক?

ফের শিরোনামে করোনা ভাইরাসের আতঙ্ক। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানুর পুত্র ও বিগ বস খ্যাত তারকা জান কুমার শানু। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
হাসপাতালেও রসবোধ অটুট অসুস্থতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হলেও, জানের গলায় কোনো বিষণ্ণতার সুর শোনা যায়নি। বরং হাসপাতালের বিছানায় শুয়েও নিজের পরিস্থিতির ওপর হালকা চালে রসিকতা করেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন, “চিন থেকে আমার এক বন্ধু এসেছে, সবাই কোভিডকে সালাম জানাও।” হাসপাতালের গাউন পরে নিজের ‘ফ্যাশন সেন্স’ নিয়েও রসিকতা করতে ছাড়েননি এই গায়ক। হাসিখুশি মেজাজে থাকলেও, অনুরাগীদের অবশ্যই সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। তবে ঠিক কী কী শারীরিক উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি জান।
জান কুমার শানুর এই পোস্ট ভাইরাল হতেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিনোদন জগতের সহকর্মীরাও তাঁকে সুস্থ হয়ে ওঠার বার্তা পাঠিয়েছেন।
অন্ধ্রে মৃত্যু, বাড়ছে উদ্বেগ জান কুমার শানুর আক্রান্ত হওয়ার খবরের মাঝেই অন্ধ্রপ্রদেশ থেকে আসা তথ্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কডপা জেলায় আটজন সক্রিয় করোনা রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি, করোনায় আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর মিলেছে।
যদিও এই পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করা হলেও, পূর্বসতর্কতা হিসেবে প্রবীণ নাগরিক এবং জটিল রোগে (কো-মর্বিডিটি) আক্রান্তদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।