ধর্ষণ, জমিদখল, তোলাবাজিতে অভিযুক্ত বীরভূমের তৃণমূল উপপ্রধানে গ্রেফতার, আদালত চত্বরেই গণপিটুনি

বীরভূম: ধর্ষণ, জমি দখল, তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। রবিবার লাভপুরের গঙ্গারামপুর থেকে তাঁকে গ্রেফতারের পর সোমবার বোলপুর আদালতে হাজির করানো হয়।
আদালত চত্বরে পৌঁছামাত্রই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি ঘেরাটোপের মধ্যেই তৃণমূল নেতা মামন শেখকে লক্ষ্য করে একের পর এক কাঁচা ডিম ছোড়েন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, আদালত চত্বরেই তাঁকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
অভিযুক্ত মামন শেখের বিরুদ্ধে দীর্ঘদিনের পলাতক থাকা, সাধারণ মানুষকে গ্রামছাড়া করা, বাড়ি ভাঙচুর ও অবৈধ কারবার চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা খোকন দাস মন্তব্য করেছেন, সাধারণ মানুষকে এতদিন ‘ক্রীতদাস’ করে রেখেছিলেন তিনি, তাই কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।
বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।