ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়: ইডির প্রশ্নের মুখে কালীঘাট তৃণমূল, তলব দলীয় সংবিধান

কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইডির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল কালীঘাট তৃণমূল। তবে সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে শুনানির শুরুতেই এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এসভি রাজু আদালতে সরাসরি জানতে চান, তৃণমূলের এই মামলার বৈধতা বা অনুমোদনপত্র কোথায়? ঠিক কার অনুমোদনের ভিত্তিতে কালীঘাট শিবির এই মামলা করছে, তা নিয়ে ধন্দ প্রকাশ করে ইডি। এমনকি, মামলার সপক্ষে দলীয় সংবিধানও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
কালীঘাট তৃণমূলের হয়ে সওয়াল করছেন আইনজীবী কিশোর দত্ত। ইডির এমন প্রশ্নের মুখে বিচারপতি রাও তৃণমূলের কাছে জানতে চান, ঠিক কোন অধিকার বা আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে তারা এই মামলা দায়ের করেছে। সংবিধান দেখানোর জন্য তৃণমূলের আইনজীবী আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন। বিচারপতির নির্দেশ অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় এই মামলার পরবর্তী শুনানি হবে।
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই দলে ভাঙন ধরেছে। জয়ী বিধায়কদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অস্বীকার করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৃথক শিবির গড়েছেন এবং নিজেদেরই ‘আসল তৃণমূল’ বলে দাবি করছেন। এই অন্তর্দ্বন্দ্বের জেরে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্রতীক নিয়ে তৈরি হওয়া জটিলতায় কয়েকশো কোটি টাকা-সহ তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়।
ইতিপূর্বে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই বিষয়ে প্রাথমিক স্বস্তি পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আদালত নির্দেশ দেয়, অ্যাকাউন্ট ফ্রিজ় থাকলেও আইনি খরচ মেটাতে সেই টাকা ব্যবহার করা যাবে। তবে পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশ্যাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁর পাল্টা স্বাক্ষর ছাড়া কোনো অর্থ তোলা সম্ভব নয়। আপাতত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা বজায় রয়েছে। সেই মামলাতেই এবার ইডির মুখোমুখি হলো কালীঘাট তৃণমূল।