রেলের জালে মাদক ও চোরাকারবারিরা! উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা ও মদ, গ্রেফতার একাধিক দুষ্কৃতী

আগরতলা: উত্তর-পূর্ব সীমান্ত রেলে অপরাধ দমনে বড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী (RPF)। ধারাবাহিক অভিযানের মাধ্যমে রেল স্টেশন ও ট্রেন থেকে ১৫ কেজিরও বেশি গাঁজা এবং ১৮৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭.৬০ লক্ষ টাকা।
মাদক উদ্ধারের পাশাপাশি, আরপিএফ-এর অভিযানে চুরি যাওয়া সাতটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যার মূল্য প্রায় ১.০৪ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে চুরির সঙ্গে জড়িত অপরাধীদেরও।
নিরাপত্তার পাশাপাশি মানবিক মুখও দেখা গেল রেল বাহিনীর। রেল স্টেশন থেকে সাতজন পথশিশু ও বিপন্ন নাবালককে উদ্ধার করে চাইল্ড হেল্প ডেস্কের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া, এক অসুস্থ বৃদ্ধ যাত্রীকে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়ে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে আরপিএফ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং বেআইনি কার্যকলাপ রুখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।