রাম মন্দিরের পরে এবার বদ্রীনাথ ধামেও বড়সড় কেলেঙ্কারি, গায়েব সোনা থেকে শালগ্রাম শিলা

বদ্রীনাথ ধামের ভক্তদের দেওয়া দানের টাকা ও মূল্যবান সামগ্রী নয়ছয়ের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। উত্তরাখণ্ড পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে বদ্রীনাথ-কেদারনাথ টেম্পল কমিটির সাসপেন্ড হওয়া কর্মী প্রমোদ নৌটিয়ালকে দান গোনার ঘর থেকে সন্দেহজনকভাবে নগদ টাকা, সোনা-রুপোর মুদ্রা, শালগ্রাম শিলা এবং প্রণামীর খাম সরাতে দেখা গেছে। তদন্তকারীরা শনিবার নতুন করে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন এবং অভিযুক্তের কল রেকর্ডও খতিয়ে দেখা শুরু করেছেন।
গত ২ জুলাই দানের টাকা গোনার সময় এই গরমিল প্রথম সামনে আসে। এই ঘটনায় বদ্রীনাথ থানায় এফআইআর দায়ের করেন টেম্পল অফিসার যুদ্ধবীর পুষ্পওয়ান। সিট ইতিমধ্যেই ঘটনার সময় উপস্থিত আধিকারিকদের বয়ান রেকর্ড করেছে। অন্যদিকে, নিজের সাসপেনশন এবং এফআইআর-কে চ্যালেঞ্জ করে উত্তরাখণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত প্রমোদ নৌটিয়াল। আদালত মন্দির কমিটিকে জবাব দাখিলের নির্দেশ দিয়েছে এবং মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুলাই। বর্তমানে পুলিশ, সিট ও উচ্চ পর্যায়ের কমিটি যৌথভাবে এই ঘটনার তদন্ত চালাচ্ছে।