কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার নেপথ্যে কে, প্রমাণের অভাবে ৭ বছর পর বেকসুর খালাস সৎ বাবা

কলকাতার টালা থানা এলাকার এক কিশোরীকে যৌন নিগ্রহ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সৎ বাবাকে বেকসুর খালাস করল কলকাতা হাই কোর্ট। ২০১৮ সালে কিশোরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে জানা যায় সে অন্তঃসত্ত্বা। নির্যাতিতার অভিযোগ ছিল, ভয় দেখিয়ে তার সৎ বাবা দীর্ঘ দিন ধরে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছে। মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে পকসো আইনে গ্রেপ্তার করে এবং ২০১৯ সালে নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করে।
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে অভিযুক্ত ব্যক্তি হাই কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি শেষে জানান, কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য সৎ বাবাই দায়ী কিনা তা স্পষ্ট নয়। চিকিৎসকদের রিপোর্টে যৌন সম্পর্ক ও গর্ভধারণের প্রমাণ মিললেও, সুনির্দিষ্ট ও উপযুক্ত প্রমাণের অভাবে দীর্ঘ ৭ বছর পর অভিযুক্তকে খালাসের নির্দেশ দেয় আদালত।