হেরিটেজ মন্দিরে ১০০০ কোটির ধামাকা প্যাকেজ, রথযাত্রায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
.jpeg.jpg.webp?w=800&resize=800,450&ssl=1)
রাজ্যের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে একগুচ্ছ ঐতিহাসিক পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে শীর্ষ আধ্যাত্মিক প্রতিষ্ঠান ও সন্ত সমাজের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি এই পরিকল্পনার কথা জানান। ঐতিহ্যের ধারা বজায় রাখতে এবারই প্রথম রাজ্য সরকার রথযাত্রায় সরাসরি অংশ নিচ্ছে। এর অধীনে প্রাথমিক তালিকায় থাকা ৬০টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে কাঠের রথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। পাশাপাশি মাহেশ ও মহিষাদলের মতো রাজ্যের ৭৫টি মেলা প্রাঙ্গণে পুণ্যার্থীদের জন্য বিশেষ সরকারি সেবাকেন্দ্র স্থাপন করা হবে।
এবারের রাজ্য বাজেটে ধর্মীয় পর্যটন ও প্রাচীন মন্দির সংস্কারে বিশেষ জোর দিয়ে ‘তীর্থক্ষেত্র সার্কিট’ নামে একটি নতুন রূপরেখা তৈরি করা হয়েছে। মুর্শিদাবাদের ঐতিহাসিক কিরীটেশ্বরী মন্দির-সহ প্রাচীন ও হেরিটেজ মন্দিরগুলির পুনর্সংস্কারের উদ্দেশ্যে আগামী দুই বছরের জন্য প্রাথমিকভাবে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এ ছাড়াও স্বামী বিবেকানন্দের জন্মভিটের রক্ষণাবেক্ষণে ৫ কোটি টাকার করপাস ফান্ড গঠন এবং ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালগুলিকে ‘আয়ুষ্মান ভারত’ যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রাবণী মেলা উপলক্ষে জল্পেশ, জয়ন্তী ও তারকেশ্বর ধামকে সাজিয়ে তোলার পাশাপাশি অনুকূল আবহাওয়া থাকলে তারকেশ্বরগামী জলযাত্রীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির ব্যতিক্রমী ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।