তারকেশ্বরে পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে ফুলবৃষ্টি! জাতীয় মেলার মর্যাদায় সাজছে শ্রাবণী মেলা

জাতীয় মেলার মর্যাদা পেল তারকেশ্বরের ঐতিহাসিক শ্রাবণী মেলা! আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরকে কেন্দ্র করে মন্দির নগরীতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রস্তুতির কাজ খতিয়ে দেখেছেন বিধায়ক সন্তু পান। বৈদ্যপুর মাঠে প্রায় ৩০ হাজার মানুষের উপস্থিতিতে এক বিশাল সাধু সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় মন্দিরে পুজোর পর কলস যাত্রার মাধ্যমে সাধুরা মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছবেন।
এবারের মেলার সবচেয়ে বড় চমক আকাশপথে পুষ্পবৃষ্টি! শ্রাবণ মাসের প্রতি সোমবার পায়ে হেঁটে আসা পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টার থেকে ফুল ছড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ১৫ জুলাই থেকে রাজবাড়ি মাঠে শুরু হবে পাঁচ দিনের মহারুদ্র যজ্ঞ। পুণ্যার্থীদের জন্য থাকছে চিকিৎসা শিবির এবং দুধপুকুর এলাকায় লেজার লাইটের বিশেষ প্রদর্শনী। বর্ণাঢ্য এই আয়োজনে এখন মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষায় এলাকাবাসী।