জেলে না আকাশে, বঙ্গে গুন্ডাদমন আইন কার্যকর হতেই অপরাধীদের চূড়ান্ত হুঁশিয়ারি শমীকের
.jpeg.webp?w=609&resize=609,395&ssl=1)
রাজ্যে সংগঠিত অপরাধের কোমর ভাঙতে এবং সমাজবিরোধী কার্যকলাপ রুখতে সোমবার থেকে পাকাপাকিভাবে বলবৎ হলো বহুচর্চিত ‘গুন্ডাদমন আইন’। গত শুক্রবার বারুইপুরের এক সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন, যার পোশাকি নাম ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট, ২০২৬’। এই নয়া আইন কার্যকর হওয়া মাত্রই স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করে এবং অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, এখন যদি কেউ নিরপরাধ মানুষের ওপরে আক্রমণ করে, তবে তার জায়গা হবে আকাশে, না হলে জেলের ভেতরে বন্ধ অল্প বাতাসে।
প্রশাসনের হাত শক্ত করতে এই নতুন আইনের অধীনে সমস্ত অপরাধকে সম্পূর্ণভাবে জামিন-অযোগ্য করা হয়েছে, যার ফলে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে সরাসরি গ্রেফতার করতে পারবে। পাশাপাশি, জেলাশাসক বা পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা শান্তিভঙ্গের আশঙ্কায় যেকোনো দাগী অপরাধীকে এক বছরের জন্য এলাকাছাড়া করার বিশেষ ক্ষমতা পেয়েছেন। শুধু তাই নয়, সিন্ডিকেট বা সংগঠিত অপরাধের মাধ্যমে উপার্জিত যেকোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি ও অবৈধ টাকা সরাসরি বাজেয়াপ্ত করার পূর্ণ আইনি অধিকার দেওয়া হয়েছে প্রশাসনকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, বিগত বাম ও তৃণমূল আমলের গুন্ডারাজ জব্দ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্ছিদ্র করতেই বিধানসভায় এই কড়া বিল পাশ করিয়ে রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছে।