জন্মদিনেই শেষ জীবন! প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে গুলি করে পালালেন পুলিশ কনস্টেবল স্বামী

দিল্লি: জন্মদিন উদযাপনের পরিবর্তে এল মর্মান্তিক মৃত্যুসংবাদ। মাঝরাস্তায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। সোমবার ভোরে পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মণীশ ভাটী, যিনি দিল্লি পুলিশের অ্যান্টি-অটো থেফট স্কোয়াড (এএটিএস)-এ কনস্টেবল হিসেবে কর্মরত। মৃতার নাম প্রিয়ঙ্কা ভাটী (২৬), পেশায় তিনি একজন স্কুলশিক্ষিকা ছিলেন। জানা গেছে, সোমবার প্রিয়ঙ্কার জন্মদিন ছিল।
ঘটনার দিন সকালে মণীশ ও প্রিয়ঙ্কা স্কুটারে করে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে বচসা শুরু হয়। একপর্যায়ে কল্যাণপুরীর রাস্তায় স্কুটার থামিয়ে দুজনেই নেমে পড়েন। সেখানে ফের শুরু হয় তর্কাতর্কি। উত্তেজনার মুহূর্তেই মণীশ পিস্তল বের করে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। রক্তাক্ত অবস্থায় প্রিয়ঙ্কা রাস্তায় লুটিয়ে পড়লে, মণীশ তাঁর স্কুটার নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয়েছে যে, খুনি মণীশ ভাটীই। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুলিশ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় মৃতার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।