লাঘু হতেই তীব্র আইনি জট, হাইকোর্টের বড় চ্যালেঞ্জের মুখে বিতর্কিত গুন্ডা দমন আইন
/indian-express-bangla/media/media_files/2025/11/19/high-court-2025-11-19-14-48-30.jpg?w=1280&resize=1280,720&ssl=1)
সদ্য কার্যকর হওয়া ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট, ২০২৬’ বা ‘গুন্ডা দমন আইন’-এর বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এই আইনের কার্যকারিতার ওপর অবিলম্বে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারির আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আইনের একাধিক ধারাকে ব্রিটিশ আমলের কুখ্যাত ‘রওলাট অ্যাক্ট’-এর সঙ্গে তুলনা করে ভিন্নমত স্তব্ধ করার অভিযোগ উঠেছে। সোমবার থেকেই রাজ্য জুড়ে এই কড়া আইন বলবৎ হয়েছে।
প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একে ‘নাগরিক অধিকারের ওপর চরম আঘাত’ বলে আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই আইনে পুলিশের হাতে সন্দেহের ভিত্তিতে আটক ও এক বছর পর্যন্ত হেফাজতে রাখার অবাধ ক্ষমতা দেওয়ায় তীব্র সরব হয়েছে বিরোধীরা। যদিও রাজ্য সরকার তাদের অবস্থানে অনড় থেকে দাবি করেছে, সংগঠিত অপরাধ দমন ও জননিরাপত্তা সুনিশ্চিত করতেই এই আইন আনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।