বৃষ্টি নামাতে গাধার বিয়ে! গ্রামে অদ্ভূত কাণ্ড

বৃষ্টি নামাতে গাধার বিয়ে! গ্রামে অদ্ভূত কাণ্ড

অনন্তপুর, অন্ধ্রপ্রদেশ: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়া সত্ত্বেও অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির দেখা নেই। এই খরা পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠ-ঘাট শুকিয়ে যাওয়ায় খরিফ ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এই সংকট থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির আশায় অনন্তপুর জেলার বজ্রকারুর গ্রামের বাসিন্দারা বেছে নিলেন এক প্রাচীন ও অদ্ভুত পথ—দুই গাধার বিয়ে।

স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, এই ধর্মীয় রীতিনীতি পালন করলে ইন্দ্রদেব প্রসন্ন হন এবং এলাকায় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। দীর্ঘদিনের এই ঐতিহ্য মেনেই ধুমধাম করে আয়োজন করা হয় এই বিয়ের। প্রথমে নাগুলকাট্টা কুয়োর কাছে শাস্ত্রীয় মতে গাধা দুটির বিবাহ সম্পন্ন হয়। এরপর ব্যান্ড-বাজা ও ঢোল-কাঁসর বাজিয়ে বিশাল শোভাযাত্রা করে নবদম্পতিকে গ্রামের পেদ্দাম্মা মন্দিরে নিয়ে যাওয়া হয়। বৃষ্টির কামনায় এই মিছিলে অংশ নেন গ্রামের বহু মানুষ।

গ্রামবাসীদের অভিযোগ, বর্ষা এলেও বৃষ্টির দেখা নেই, ফলে চাষাবাদ মার খাচ্ছে এবং ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। কৃষকদের আর্থিক বিপর্যয় রুখতেই তারা এই লোকবিশ্বাসে আস্থা রেখেছেন। উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি আনার কামনায় ব্যাঙ বা গাধার বিয়ের মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে অনন্তপুরের এই ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *