প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি, ডেলিভারি বয়ের কলার ধরে থানায় নিয়ে গেলেন সাহসী নারী

উত্তর ২৪ পরগনা: দিনের আলোয় জনবহুল রাস্তায় এক ডেলিভারি বয়ের অশ্লীল আচরণের প্রতিবাদ করে সাহসিকতার অনন্য নজির গড়লেন এক তরুণী। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উত্তর ২৪ পরগনার খড়দহের বিটি রোডের ওপর এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত ওই যুবককে হাতেনাতে ধরে কলার টেনে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন ওই তরুণী। পরে জানা যায়, সাহসী এই তরুণী নিজেই পেশায় একজন পুলিশকর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় বিটি রোডের ওপর স্কুটিতে ছিলেন ওই তরুণী। সেই সময় একটি বেসরকারি সংস্থার ডেলিভারি বয় তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় বাইক থামিয়ে অশালীন অঙ্গভঙ্গি শুরু করে।
ঘটনায় বিচলিত না হয়ে তরুণীটি তৎক্ষণাৎ নিজের স্কুটি থামান। এরপর তিনি সরাসরি অভিযুক্তের বাইকের কাছে গিয়ে তাঁর জামার কলার শক্ত করে ধরেন। এই সাহসিকতায় হতভম্ব হয়ে পড়ে ওই যুবক। এরপর ওই তরুণী নিজেই কলার ধরে টেনে অভিযুক্তকে নিকটস্থ খড়দহ থানায় নিয়ে যান।
থানায় গিয়ে তিনি বিস্তারিত ঘটনা জানান। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ডেলিভারি বয়কে দ্রুত গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। প্রকাশ্য রাস্তায় নারী পুলিশকর্মীর এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।