সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার রাজ্যের, কাদের জন্য খোলা রইল পথ?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট থেকে ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের (যার মধ্যে ৭৫টি মুসলিম সম্প্রদায়) অন্তর্ভুক্তি বাতিল করা হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল। মঙ্গলবার সর্বোচ্চ আদালত থেকে সেই মামলা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার অনুমতি নিল রাজ্য।
আদালতে যা ঘটল: মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য মন্ত্রিসভা এই আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি, রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনও তাদের পৃথক আপিল প্রত্যাহার করে নিয়েছে। সুপ্রিম কোর্ট এই প্রত্যাহারের আবেদন মঞ্জুর করলেও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দিয়েছে—এই মামলায় অন্য কোনো ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে তারা নিজস্ব আপিল চালিয়ে যেতে বা নতুন করে মামলা দায়ের করতে পারবে।
বিধানসভায় নতুন বিল ও ওবিসি কমিশন ঢেলে সাজানোর উদ্যোগ: উল্লেখ্য, ওবিসি সংরক্ষণ ইস্যুতে রাজ্য সরকার বর্তমানে নতুন কৌশলে এগোচ্ছে। সদ্য শেষ হওয়া বিধানসভা অধিবেশনে অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ দুটি সংশোধনী বিল পেশ করেছেন। এর মধ্যে রয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (আদার দ্যান এসসি অ্যান্ড এসটি) (রিজ়ার্ভেশন অফ ভেকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট্স অ্যামেন্ডমেন্ট বিল), ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। এর মাধ্যমে ওবিসি কমিশনের কাজের পরিধি বৃদ্ধি এবং কমিশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
হাইকোর্টে নতুন আইনি জটিলতা: এই আবহে ফের একবার আইনি জটে পড়তে চলেছে ওবিসি সংরক্ষণ। বিধানসভায় বিল পাশের আগেই ওবিসি শংসাপত্র যাচাই সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর অভিযোগ, নতুন বিজ্ঞপ্তি জারি করার ক্ষেত্রে রাজ্য সরকার অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে কোনো আলোচনাই করেনি। তাদের দাবি, রাজ্যের এই সিদ্ধান্ত আইন মেনে নেওয়া হয়নি।