যন্তর মন্তরে অনশনে সোনম ওয়াংচুক, পাশে থাকার বার্তা মমতার

নিট প্রশ্নফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল যন্তর মন্তর। টানা ১৭ দিন ধরে সেখানে অনশনরত লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফোনে কথা বলে সোনমের মনোবল অটুট রাখার আহ্বান জানান তিনি।
নিট পরীক্ষার অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’-র নেতৃত্বে চলছে এই আন্দোলন। আন্দোলনের শুরু থেকেই পাশে ছিলেন সোনম ওয়াংচুক। কেন্দ্রের থেকে সদুত্তর না মেলায় গত ২৮ জুন থেকে তিনি আমরণ অনশন শুরু করেন।
মঙ্গলবার সোনমের সঙ্গে মমতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানান, তৃণমূল নেত্রী সোনমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছেন। মমতাকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সোনম ওয়াংচুক।
উল্লেখ্য, টানা অনশনের ফলে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা উদ্বেগজনক হয়ে উঠেছে। অভিজিতের দাবি, এরই মধ্যে তাঁর ওজন সাড়ে আট কেজি কমে গেছে এবং শরীরের পেশির ক্ষয় শুরু হয়েছে। তবুও নিজের দাবিতে অনড় রয়েছেন তিনি।
সোনমের এই লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়েছেন দেশের বিরোধী শিবিরের একাধিক শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আপ নেত্রী অতিশী, সিপিএম সাংসদ অমরারাম এবং উদ্ধব ঠাকরের মতো নেতারাও নিয়মিত তাঁর স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। সব মিলিয়ে, সরকারের নীরবতার আবহে সোনমের এই আন্দোলন এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে।