অন্নপূর্ণা প্রকল্পে বড় জালিয়াতি! উপভোক্তার টাকা গায়েব করল খোদ ব্যাঙ্ক কর্মী

মালদা: অন্নপূর্ণা প্রকল্পের টাকা জালিয়াতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল থানার ভেবা এলাকায়। অভিযোগ, উপভোক্তার অজান্তেই বায়োমেট্রিক ব্যবহার করে তাঁর প্রাপ্য ৩ হাজার টাকা তুলে নিয়েছেন এক সিএসপি কর্মী। টাকা ফেরতের প্রতিবাদ করায় ওই উপভোক্তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগও উঠেছে। বর্তমানে আহত ওই উপভোক্তা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঠিক কী অভিযোগ? প্রতারিত উপভোক্তা মর্জিনা বিবির অভিযোগ, তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের ৩ হাজার টাকা জমা পড়ার মেসেজ আসে। তিনি টাকা তুলতে স্থানীয় সিএসপি সেন্টারে গেলে তাঁকে জানানো হয়, অ্যাকাউন্টে কোনও টাকা আসেনি। কিন্তু পরে ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করতেই সামনে আসে আসল সত্য। দেখা যায়, বায়োমেট্রিকের মাধ্যমে তাঁর টাকা আগেই তুলে নেওয়া হয়েছে। অথচ তিনি নিজে কোনো লেনদেন করেননি। এই জালিয়াতির প্রতিবাদ জানাতে গেলে সিএসপি কর্মী রানু চৌধুরী তাঁকে মারধর করেন বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
অন্নপূর্ণা প্রকল্প নিয়ে সরকারি আপডেট: এদিকে, অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছে সরকার। যারা এখনও আবেদন করেননি বা যাদের আবেদনে ভুল রয়েছে, তারা আগামী আগস্ট মাস পর্যন্ত তা সংশোধনের সুযোগ পাবেন। এছাড়া, যে সমস্ত আবেদনকারীদের ভেরিফিকেশন বাকি ছিল, প্রশাসন সূত্রে খবর—আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হবে।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। বর্তমানে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার আগে জোরকদমে চলছে ভেরিফিকেশনের কাজ।