‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে কড়া জবাব আমিরের

‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে কড়া জবাব আমিরের

বলিউড সুপারস্টার আমির খান অবশেষে তাঁর এবং গৌরী স্প্র্যাটের বিয়ে নিয়ে ওঠা ‘লাভ জিহাদ’-এর যাবতীয় অভিযোগ নস্যাৎ করলেন। ৬১ বছর বয়সী এই অভিনেতা কড়া ভাষায় জানিয়েছেন, তাঁর স্ত্রী গৌরী হিন্দু নন, তিনি একজন খ্রিস্টান। আর তাঁদের এই বিয়েটি কোনও ধর্মান্তকরণ নয়, বরং সম্পন্ন হয়েছে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’ বা বিশেষ বিবাহ আইন মেনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, তাঁর পরিবার চিরকালই সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী এবং ধর্মের ভিত্তিতে তাঁরা কখনও ভেদাভেদ করেন না। উদাহরণ হিসেবে তিনি জানান, তাঁর দুই বোন এবং মেয়ে ইরা খানের বিয়ে হয়েছে হিন্দু পরিবারে। তাঁর এক তুতো ভাইও বিয়ে করেছেন এক খ্রিস্টান মহিলাকে। অভিনেতা আরও স্পষ্ট করেন যে, তাঁর তিন স্ত্রীর (রীনা দত্ত, কিরণ রাও এবং গৌরী) কেউই তাঁকে বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেননি।

গৌরী সম্পর্কে বলতে গিয়ে আমির তাঁকে অত্যন্ত উদারমনস্ক একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন, যিনি খুব একটা কট্টরভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে চলেন না। চারদিকের এত বিতর্ক আর সমালোচনা নিয়ে একটুও বিচলিত নন অভিনেতা; উল্টে রসিকতার সুরে তাঁর মন্তব্য, “এসব আলোচনার জন্যই তো জীবন আরও মজাদার হয়ে উঠেছে!”

উল্লেখ্য, আমিরের এই বিয়ের পর থেকেই বিভিন্ন সংগঠন তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছিল। জগদ্গুরু পরমহংস আচার্য অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে তাঁকে হত্যার জন্য ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার পর্যন্ত ঘোষণা করেন। তবে এতসব হুমকির মুখেও একটুও না ঘাবড়ে নিজের অবস্থানে সম্পূর্ণ অনড় রয়েছেন আমির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *