‘অভিষেক স্রেফ বাহানা, সেটিং করলে এত অত্যাচার হত না!’ দলত্যাগীদের কড়া বার্তা মমতার

‘অভিষেক স্রেফ বাহানা, সেটিং করলে এত অত্যাচার হত না!’ দলত্যাগীদের কড়া বার্তা মমতার

তৃণমূল কংগ্রেসে ভাঙন এবং একের পর এক নেতার দলত্যাগের মাঝেই এবার কড়া ভাষায় মুখ খুললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কামারহাটির বিধায়ক মদন মিত্র দল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে যোগ দেন। দলত্যাগের কারণ হিসেবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘একনায়কতন্ত্র’ এবং দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ তোলেন। এর জবাবেই বুধবার ফেসবুক লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা।

‘অভিষেক স্রেফ একটা বাহানা’ দলত্যাগীদের উদ্দেশ্যে দলনেত্রীর স্পষ্ট জবাব, অভিষেককে কেবল ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, “অভিষেক একটা বাহানা হয়ে গেছে। ওর বউ দেড় বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে হাজিরা দিয়েছে। চাইলে একটু সেটিং করে নিতেই পারত।” আপসহীন লড়াইয়ের বার্তা দিয়ে নিজের প্রসঙ্গে মমতা বলেন, “আমি নিজে সেটিং করে নিলে এই অত্যাচার হত না। আমি মূল্যবোধ বিক্রি করে খাই না।”

মদন মিত্রের দলত্যাগ নিয়ে মমতার দাবি মদন মিত্রের নাম না করে মমতা জানান, এই দলত্যাগের চিত্রনাট্য ১৫ দিন আগেই ঠিক হয়ে গিয়েছিল। তিনি বলেন, “কালকেই আমাকে মেসেজ করেছিল যে ওর পরিবারকে শমন পাঠিয়েছে। কালকেই আমি সরিয়ে দিয়েছিলাম।” তবে একজন দল ছেড়েছেন বলে বাকিদের অবিশ্বাস করতে বারণ করেন নেত্রী। পাশাপাশি তিনি আত্মবিশ্বাসের সুরে পরিসংখ্যান দিয়ে জানান, এখনও রাজ্যসভার ১০ জন এবং লোকসভার ৮ জন সাংসদ তাঁর প্রতিই অনুগত রয়েছেন।

একুশে জুলাইয়ের সমাবেশ লাইভ থেকে ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশ নিয়েও বড় ঘোষণা করেন তৃণমূল নেত্রী। কলকাতা হাইকোর্ট বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই সমাবেশের অনুমতি দেওয়ায় তিনি আদালতকে কৃতজ্ঞতা জানান। মমতা স্পষ্ট জানিয়ে দেন, ওইদিন বিকেল তিনটে পর্যন্ত সেখানেই সমাবেশ চলবে। বাধা এলে প্রয়োজনে মাইক ছাড়াই, খালি গলায় তিনি জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *