“অভিষেকের জন্যই জেলে গিয়েছি!” একুশের আগেই কেষ্টর নিশানায় ভাইপো

গরু পাচার মামলায় দীর্ঘ কারাবাসের পর এবার বিস্ফোরক অনুব্রত মণ্ডল। সরাসরি দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন বীরভূমের দাপুটে নেতা। তাঁর স্পষ্ট দাবি, “অভিষেকের জন্যই জেলে গিয়েছি!” আর কেষ্টর এই চাঞ্চল্যকর দাবিতে সুর মিলিয়েছেন সদ্য তৃণমূল ত্যাগী নেতা মদন মিত্রও। একুশে জুলাইয়ের ঠিক আগে দলের দুই হেভিওয়েট নেতার এমন বিদ্রোহে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি।
কী বলছেন মমতা? দলের অন্দরে অভিষেক-বিরোধী এই হাওয়াকে কড়া হাতে দমন করতে আসরে নেমেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত-মদনদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি অভিষেককেই আগলে রেখেছেন।
- ‘অভিষেক আপনাদের আয়না’: মমতার সাফ কথা, নিজেদের ত্রুটি ঢাকতেই অভিষেককে ‘বাহানা’ বা ঢাল হিসেবে ব্যবহার করছেন বিক্ষুব্ধ নেতারা।
- ‘বাঘের মতো লড়ছে’: অভিষেকের ভূয়সী প্রশংসা করে মমতা বলেন, “অভিষেক বাঘের মতো লড়ছে, কারও কাছে মাথা নত করবে না। আগামী ৫০ বছর ও রাজনীতি করবে।”
- দলত্যাগীদের তোপ: যাঁরা দলের এই কঠিন সময়ে দল ছাড়ছেন, তাঁদের চরম ভর্ৎসনা করে ‘লজ্জা থাকা উচিত’ বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী।
একুশের আগে চরম অস্বস্তি আর মাত্র কয়েকদিন পরেই ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ। তার ঠিক আগেই কামারহাটির প্রাক্তন বিধায়ক মদন মিত্রের দলবদল এবং অনুব্রত মণ্ডলের মতো নেতার প্রকাশ্য বিদ্রোহ তৃণমূল শিবিরের অন্দরের ফাটলকে স্পষ্ট করে দিল। এখন দেখার, এই ড্যামেজ কন্ট্রোল করে একুশের মঞ্চ থেকে নেত্রী কী বার্তা দেন!