৭২ কোটির দুর্নীতি! অবসরের ঠিক ১৫ দিন আগে হাতকড়া শীর্ষ সরকারি ইঞ্জিনিয়ারকে

৭২ কোটির দুর্নীতি! অবসরের ঠিক ১৫ দিন আগে হাতকড়া শীর্ষ সরকারি ইঞ্জিনিয়ারকে

চাকরি জীবনের শেষ প্রান্তে এসেও জুটল না শান্তি! অবসরের আর মাত্র ১৫ দিন বাকি, ঠিক তার আগেই ৭২ কোটি টাকার বিশাল দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন কর্ণাটকের এক শীর্ষ সরকারি ইঞ্জিনিয়ার। কর্ণাটক রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের (KRIDL) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জেড. এম. চিঞ্চোলকরের এই গ্রেফতারে ব্যাপক শোরগোল পড়ে গেছে প্রশাসনিক মহলে।

কীভাবে গায়েব ৭২ কোটি? দীর্ঘ পাঁচ বছরের পুরোনো এক দুর্নীতির তদন্তে নেমে লোকায়ুক্তের গোয়েন্দাদের চক্ষু চড়কগাছ! জানা গেছে, বাস্তবে কোনো কাজ না করেই ৩৩৯টি ভুয়ো বিল বানিয়ে ৭২ কোটি টাকা সরকারি তহবিল থেকে আত্মসাৎ করেছেন চিঞ্চোলকর এবং তাঁর সঙ্গী ঠিকাদার দেবরাজ। বেঙ্গালুরু থেকে এই ইঞ্জিনিয়ারকে গ্রেফতারের পর সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

রয়েছে জিএসটি ফাঁকির অভিযোগও! দুর্নীতির জাল আরও বহুদূর বিস্তৃত। তদন্তকারীরা জানিয়েছেন, শুধু সরকারি প্রকল্পের টাকাই নয়, এই ঘটনায় প্রায় ২০ কোটি টাকার জিএসটি (GST) কেলেঙ্কারিও জড়িয়ে রয়েছে। এই মর্মে আলাদা একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

সাসপেন্ড হয়েও ফিরেছিলেন চাকরিতে: চিঞ্চোলকরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এই প্রথম নয়। গত বছরই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছিল কেআরআইডিএল কর্তৃপক্ষ। কিন্তু আইনি ফাঁকফোকর কাজে লাগিয়ে আদালতের স্থগিতাদেশ (Stay order) জোগাড় করে ফের চাকরিতে বহাল হন তিনি।

তবে এবার আর শেষরক্ষা হলো না। লোকায়ুক্তের জালে ধরা পড়ে বর্তমানে ওই ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার—দু’জনই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। তদন্তের স্বার্থে তাঁদের ফের পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে খবর। দুর্নীতির বিরুদ্ধে লোকায়ুক্তের এই ‘জিরো টলারেন্স’ নীতি সাধারণ মানুষের মধ্যে বিপুল প্রশংসা কুড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *