‘দুর্ঘটনা নয়, ক্ষমার অযোগ্য অপরাধ!’ মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কায় ৫ মৃত্যুতে কড়া মুখ্যমন্ত্রী

‘দুর্ঘটনা নয়, ক্ষমার অযোগ্য অপরাধ!’ মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কায় ৫ মৃত্যুতে কড়া মুখ্যমন্ত্রী

শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন সংলগ্ন গোবিন্দপুর রেলগেটে ঘটে গেল এক মর্মান্তিক বিপর্যয়। লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকার কারণে লাইনে উঠে পড়া একটি স্কুল গাড়িতে সজোরে ধাক্কা মারে দ্রুতগতির ট্রেন। এই মর্মান্তিক ঘটনায় ৩ পড়ুয়া-সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনাকে ‘চরম মানবীয় ভুল’ এবং ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

গ্রেফতার অভিযুক্ত গেটম্যান ইতিমধ্যেই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযুক্ত গেটম্যানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন, ঘটনার সময় কর্তব্যরত ওই গেটম্যান মদ্যপ অবস্থায় ছিল কি না, তা অবিলম্বে মেডিক্যাল পরীক্ষা করে দেখতে হবে।

কী বললেন মুখ্যমন্ত্রী? সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সকালেই দুর্ঘটনার কথা শুনে আমি পুলিশ সুপারকে বলেছি গেটম্যানকে অবিলম্বে গ্রেফতার করতে। প্রাথমিক রিপোর্ট আমি পেয়েছি। ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ও। ফুলের মতো বাচ্চাগুলোর জীবন শেষ হয়ে গেল, এটা অত্যন্ত দুঃখজনক।”

পরবর্তীতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ পোস্ট করে তিনি সাফ জানিয়ে দেন, ডিউটিরত অবস্থায় এই ধরনের চরম গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সম্পূর্ণ ঘটনার একটি উচ্চপর্যায়ের ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং দোষীকে কঠোর শাস্তি দেওয়া হবে। মর্মান্তিক এই শিশু মৃত্যুর ঘটনায় গোটা রাজ্যজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *