বিধানসভায় নজিরবিহীন দৃশ্য! আসন ছেড়ে সোজা ‘অভয়া’র মায়ের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ্য বিধানসভায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন বিধায়করা। অধিবেশন চলাকালীন হঠাৎই নিজের নির্দিষ্ট আসন ছেড়ে উঠে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোজা গিয়ে বসলেন জলহাটির বিধায়ক তথা ‘অভয়া’র মা রত্না দেবনাথের পাশে। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ নিচু গলায় কথাও হয়। আর এই ঘটনা ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।
ঠিক কী ঘটেছে বিধানসভায়? সোমবার বিধানসভায় অধিবেশন চলাকালীন ২১ জুলাইয়ের তদন্ত কমিশনের (জাস্টিস চ্যাটার্জি কমিশন) বহু প্রতীক্ষিত এবং বিস্ফোরক রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপোর্ট পড়া শেষ হওয়ার পরেই চেনা প্রথা ভেঙে তিনি নিজের চেয়ার ছেড়ে উঠে যান। বেশ কিছুটা দূরে বসা জলহাটির বিধায়ক রত্না দেবনাথের পাশে গিয়ে বসেন তিনি। সেখানে তাঁদের মধ্যে বেশ কিছু সময় গোপন আলোচনা হয়। পরে তিনি দলের অন্য দুই বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় এবং পাপিয়া অধিকারীর সঙ্গেও কথা বলেন।
কেন এই ঘটনা নজিরবিহীন? বিধানসভার রীতি অনুযায়ী, মুখ্যমন্ত্রী সাধারণত নিজের আসনেই বসেন এবং অধিবেশন চলাকালীন অন্য কোনও বিধায়কের আসনে গিয়ে বসেন না। কিন্তু এদিন সেই চেনা ছবিটাই বদলে গেল, যা বিধানসভার অন্দরে রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আর জি কর প্রসঙ্গ ও আবেগঘন মুহূর্ত উল্লেখ্য, এর আগে বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর জি কর কাণ্ডের ফাইল ফের খোলার কথা ঘোষণা করেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, আর জি করের মৃত তরুণী চিকিৎসক নিশ্চিতভাবে সঠিক বিচার পাবেন। মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতির কথা শুনে বিধানসভাতেই হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন রত্না দেবনাথ। সেসময় অন্য বিধায়করা তাঁকে শান্ত করেন। মেয়ের মৃত্যুর ন্যায়বিচারের আশায় দৃঢ়প্রতিজ্ঞ রত্না দেবনাথের পাশে খোদ মুখ্যমন্ত্রীর এদিন এভাবে গিয়ে বসা এবং কথা বলা, রাজনৈতিক ও আবেগগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।