নিউটাউনে লিভ-ইন পার্টনারের রহস্যমৃত্যু, ফ্ল্যাটে ঝুলন্ত দেহের পাশে রক্তাক্ত সঙ্গী! দানা বাঁধছে রহস্য

কলকাতা: নিউটাউনের চণ্ডীবেড়িয়া এলাকার একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর রহস্যজনক দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত তরুণীর নাম তৃষা সাহা (২৫)। পেশায় তিনি একজন নেটপ্রভাবী (Social Media Influencer)। একই ফ্ল্যাট থেকে তৃষার লিভ-ইন সঙ্গী সৌভিক রায়কেও গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

রক্তাক্ত অবস্থায় উদ্ধার সঙ্গী: পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা তৃষা গত চার মাস ধরে সৌভিকের সাথে নিউটাউনের ওই ফ্ল্যাটে লিভ-ইন সম্পর্কে ছিলেন। রবিবার গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তৃষার ঝুলন্ত দেহ উদ্ধার করে। সেই ঘরেই সৌভিক রায়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, তাঁর হাতের শিরা কাটা ছিল।

সম্পর্কের টানাপোড়েন নাকি খুন? প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। তৃষার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন এবং পায়ে ক্ষত পাওয়া গেছে বলে সূত্রের খবর। পুলিশ খতিয়ে দেখছে যে, সৌভিক তৃষাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি না। ঘটনার প্রকৃত কারণ জানতে তৃষার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। পাশাপাশি, সৌভিক সুস্থ হলে তাঁর বয়ান এই রহস্য সমাধানে বড় অস্ত্র হতে পারে।

ফ্ল্যাট মালিকের বক্তব্য: ফ্ল্যাট মালিক সুদাম মাইতি জানিয়েছেন, “ওরা ৪-৫ মাস ধরে এখানে লিভ-ইনে ছিল। এর আগে ওদের মধ্যে কোনও অশান্তির কথা শুনিনি। খবর পাওয়ার পরই আমি পুলিশকে জানাই।”

তদন্তে পুলিশ: পুলিশ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। সৌভিকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে এবং সমস্ত দিক খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *