‘বন্দে মাতরম’ অবমাননায় সোজা জেল! বাদল অধিবেশনে মোদী সরকারের যে ৬ বিলে কাঁপবে সংসদ
July 20, 20266:25 pm

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। আর এই অধিবেশনেই অন্তত ৬টি ‘হেভিওয়েট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, যা ঘিরে রীতিমতো উত্তাল হতে পারে সংসদ। বিরোধীদের নজরে মূলত রয়েছে এফসিআরএ (FCRA) এবং ‘বন্দে মাতরম’ সংক্রান্ত জোড়া বিতর্কিত বিল। এর পাশাপাশি মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশ করা নিয়েও জল্পনা তুঙ্গে। এক নজরে দেখে নিন কোন কোন বিল ঘিরে ঝড় উঠতে পারে সংসদে।
যে দুই বিল ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক:
- FCRA সংশোধনী বিল ২০২৬: বিদেশ থেকে অনুদান পাওয়া এনজিও (NGO)-গুলির ওপর নজরদারি আরও কড়া হচ্ছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, কোনও সংস্থার FCRA লাইসেন্স বাতিল বা রিনিউ না হলে, তাদের সম্পত্তি আদালতের আগাম অনুমতি ছাড়াই সরকারি কর্তৃপক্ষের অধীনে চলে যাবে। বিরোধীদের আশঙ্কা, এর মাধ্যমে সরকারের সমালোচক, মানবাধিকার বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে।
- ‘বন্দে মাতরম’ অবমাননা প্রতিরোধ বিল: এই বিলে ‘বন্দে মাতরম’-কে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমতুল্য আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাব রয়েছে। এই গানের অবমাননা বা গান পরিবেশে বাধা দিলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে। বিরোধীদের দাবি, ‘দেশপ্রেম’-এর সংজ্ঞা নির্ধারণ করে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।
নজরে রয়েছে আরও ৪টি গুরুত্বপূর্ণ বিল:
- সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল: শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার প্রস্তাব।
- জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধনী) বিল: জন্মের বা মৃত্যুর দু’বছরের বেশি সময় পর রেজিস্ট্রেশন করতে হলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাব।
- আয়কর (সংশোধনী) বিল: ঋণের বাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বিল আনা হচ্ছে। এটি নিয়ে অর্থনীতির বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিরোধীরা সরব হতে পারে।
- MSME উন্নয়ন (সংশোধনী) বিল: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাওনা বকেয়া টাকা দ্রুত মেটানোর ব্যবস্থা সুনিশ্চিত করতে এই বিল আনা হচ্ছে।