বাসযাত্রীদের জন্য বিরাট সুখবর! মার্চেই রাস্তায় নামছে ১০০০ নতুন বাস, মহিলাদের জন্য ‘পিঙ্ক সিট’

বাসযাত্রীদের জন্য বিরাট সুখবর! মার্চেই রাস্তায় নামছে ১০০০ নতুন বাস, মহিলাদের জন্য ‘পিঙ্ক সিট’

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণার পর এবার বাস পরিষেবায় আরও বড় চমক দিল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী মার্চের মধ্যেই রাজ্যের রাস্তায় নামবে আরও এক হাজার নতুন পরিবেশবান্ধব বাস। পাশাপাশি মহিলাদের জন্য বাসে থাকছে সংরক্ষিত ‘পিঙ্ক সিট’। এদিন ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের (৪৩টি সিএনজি ও ৭টি ব্যাটারিচালিত) সূচনা করেন মুখ্যমন্ত্রী।

একনজরে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণাগুলি:

  • নতুন বাস ও গেরুয়া রঙ: ২০২৭ সালের মার্চের মধ্যে ১০০০ নতুন বাস আনার লক্ষ্যমাত্রা নিয়েছে পরিবহণ দপ্তর। অবিলম্বে ৪০০টি বাসের টেন্ডার ডাকা হচ্ছে। নতুন বাসগুলির রঙ হবে স্বামী বিবেকানন্দের পোশাকের রঙের মতো।
  • মহিলাদের জন্য ‘পিঙ্ক সিট’: বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য ‘পিঙ্ক কার্ড’ আগেই ঘোষণা হয়েছিল, এবার তাঁদের বসার জন্য নির্দিষ্ট ‘পিঙ্ক সিট’-এর ব্যবস্থা করা হচ্ছে।
  • কর্মীদের বেতন বৃদ্ধি: পূর্বতন সরকারের আমলের বৈষম্য দূর করে আগামী অগস্ট মাস থেকেই বাসের চালক ও কন্ডাক্টরদের সমপরিমাণ বেতন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
  • ‘ওয়াটার মেট্রো’ ও ‘সিটি মেট্রো’: দেশের ১৭তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ‘ওয়াটার মেট্রো’ ব্যবস্থায় যুক্ত হতে চলেছে। এছাড়া দুর্গাপুর-আসানসোল এবং শিলিগুড়ি-জলপাইগুড়ির মধ্যে ‘সিটি মেট্রো’ চালুর ডিপিআর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
  • নতুন আন্তর্জাতিক বিমানবন্দর: কল্যাণীর দু’হাজার একর জমিতে তৈরি হবে নতুন গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর। পাশাপাশি বালুরঘাট, মালদা এবং পুরুলিয়ায় বিমানবন্দর তৈরিতেও কেন্দ্রের সাহায্য মিলবে বলে জানান মুখ্যমন্ত্রী।
  • যানজট কমাতে ‘রো-রো সার্ভিস’: কোনা এক্সপ্রেসওয়ের যানজট কমাতে গার্ডেনরিচ এবং হাওড়ার সাঁকরাইল-শিবপুরের মধ্যে পণ্যবাহী গাড়ির জন্য জলপথে ‘রো-রো সার্ভিস’ চালু হতে চলেছে।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও পরিবেশবান্ধব করে তোলার ওপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান বাড়াতেই এই বিপুল উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *