বিদ্যুৎ বিল এবার প্রায় শূন্য! বঙ্গে চালু ‘পিএম সূর্য ঘর’ প্রকল্প, ভর্তুকি মিলবে কীভাবে?
বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত? এবার সেই চিন্তা দূর করতে মঙ্গলবার রাজ্যে আনুষ্ঠানিকভাবে ‘পিএম সূর্য ঘর’ (PM Surya Ghar) প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে বিদ্যুৎ বিল একধাক্কায় নেমে আসতে পারে প্রায় শূন্যের কোঠায়! মঙ্গলবার প্রথম পর্যায়ে রাজ্যের ১,৮১০টি পরিবারে এই রুফটপ সোলার ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রকল্পের মূল আকর্ষণ ও ভর্তুকির হিসাব:
- বিরাট ছাড়: দেড় লক্ষ টাকা খরচে সৌরবিদ্যুৎ প্যানেল বসালে কেন্দ্র সরকারের তরফে মিলবে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি।
- রাজ্যের অতিরিক্ত সাহায্য: কেন্দ্রের পাশাপাশি তফসিলি জাতি ও জনজাতি (SC/ST) উপভোক্তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার অতিরিক্ত ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। আগামীতে অন্যান্য পিছিয়ে পড়া পরিবারের জন্যও এই সুবিধা দেওয়ার ভাবনা রয়েছে রাজ্যের।
- বিপুল লক্ষ্যমাত্রা: চলতি আর্থিক বছরে (মার্চের মধ্যে) কেন্দ্রের লক্ষ্যমাত্রা ১ লক্ষ হলেও, মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার ৫ লক্ষ বাড়িতে এই প্যানেল বসানোর লক্ষ্য নিয়েছে।
- রক্ষণাবেক্ষণ ফ্রি: সোলার প্যানেলের পরিচর্যার সম্পূর্ণ দায়িত্ব নেবে সংশ্লিষ্ট সংস্থাই।
হাতেনাতে প্রমাণ পেলেন মুখ্যমন্ত্রী: এদিন উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি কয়েকজন উপভোক্তার সঙ্গে কথা বলেন। বীরভূমের প্রান্তিকের এক উপভোক্তা জানান, আগে তাঁর তিন মাসে ১০ হাজার টাকার বিদ্যুৎ বিল আসত। সোলার প্যানেল বসানোর পর সেই বিল কমে দাঁড়িয়েছে মাত্র ৭০০ টাকায়!
কীভাবে আবেদন করবেন?
১. প্রথমে pmsuryaghar.gov.in ওয়েবসাইটে যান। ২. সেখানে ‘Consumer Link’-এ ক্লিক করে Apply Now অপশনে যান। ৩. এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে OTP-র মাধ্যমে খুব সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন। ৪. ১০০ ইউনিটের জন্য ৩০ হাজার, ২০০ ইউনিটের জন্য ৬০ হাজার এবং ৩০০ ইউনিটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি মিলবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে কেন্দ্রে এই প্রকল্প চালু হলেও পূর্ববর্তী সরকারের আমলে তা বাংলায় সেভাবে কার্যকর হয়নি। বর্তমানে প্রথম পর্যায়ে এই প্রকল্পের আওতায় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে উত্তর ২৪ পরগনা (২৩৮টি) এবং হুগলি (২৩২টি) জেলা।