গুজরাটে রেকর্ড বৃষ্টি! জলের নিচে ৫০টির বেশি গাড়ি, প্লাবিত একাধিক জেলা

গুজরাটে রেকর্ড বৃষ্টি! জলের নিচে ৫০টির বেশি গাড়ি, প্লাবিত একাধিক জেলা

দক্ষিণ গুজরাটের একাধিক জেলায় লাগাতার মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্য আপৎকালীন পরিচালনা কেন্দ্র (SEOC)-এর তথ্য অনুযায়ী, পরিস্থিতি সবচেয়ে বেশি সংকটজনক ভালসাড় জেলায়। সেখানকার উমরগাঁও এলাকায় মাত্র ১৬ ঘণ্টায় রেকর্ড ১১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এই নজিরবিহীন বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি থেকে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নীচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার কারণে ভালসাড়ের ভাপি এলাকায় বহুতলের পার্কিংয়ে থাকা ৫০টিরও বেশি গাড়ি জলের নিচে তলিয়ে গেছে এবং বেশ কিছু গাড়ির জানলা পর্যন্ত জল উঠে গেছে।

অরঙ্গা, পার এবং দমন গঙ্গা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, যার ফলে নদী তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হয়েছে। এছাড়া সুরাট শহরের নীচু এলাকা থেকে প্রায় ২,২০০-র বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ভালসাড়, নবসারী, ডাংস, সুরাট ও তাপী জেলায় এখনও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেখানে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বেশ কয়েকজন মন্ত্রীকে উপদ্রুত জেলাগুলিতে পাঠিয়ে ত্রাণ ও উদ্ধারকাজে তদারকি করার নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *