ভিআইপি রোডের জবরদখল ও বেআইনি নির্মাণ মামলা, হাই কোর্টের রোষানলে উত্তর ২৪ পরগনার জেলাশাসক

কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে বেআইনি নির্মাণ ও উচ্ছেদ সংক্রান্ত রিপোর্ট দিতে সশরীরে আদালতে হাজির হলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। ভিআইপি রোডের দু’ধারে বেআইনি দখলদার হটানো নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে বেআইনি নির্মাণ বন্ধ করতে হবে এবং উচ্ছেদের পর যাতে পুনরায় জবরদখল না হয়, সেদিকেও কড়া নজর রাখতে হবে।
উল্টোডাঙা পর্যন্ত ভিআইপি রোডের দু’ধারে চলা জবরদখলের বিরুদ্ধে অর্ধেন্দু নাগ নামের এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেন। এর আগে গত ১০ জুলাই জেলাশাসক নিজে উপস্থিত না হয়ে রিপোর্ট পাঠানোয় অসন্তোষ প্রকাশ করে আদালত। এরপর ২৩ জুলাই তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই এদিন তিনি আদালতে রিপোর্ট পেশ করেন।
মামলাকারীর আইনজীবীর অভিযোগ, বাস্তবে অনেক দখলদারকেই সরানো হয়নি এবং কেষ্টপুর থেকে দমদম পার্কের সেচ দপ্তরের জায়গা দখল করে রয়েছে অনেকে। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, ২৪টি অবৈধ নির্মাণের মধ্যে ইতিমধ্যেই ১০টি সরিয়ে দেওয়া হয়েছে এবং বাকিগুলি সরানোর কাজ চলছে।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, উচ্ছেদ করার এক সপ্তাহের মধ্যে পুরনো জায়গায় যেন কেউ ফিরে না আসে, তা নিশ্চিত করতে হবে জেলাশাসককে। এছাড়া ভবিষ্যতে ফের বেআইনি নির্মাণ গড়ে উঠলে আদালত তা বরদাস্ত করবে না বলে রাজ্যকে সতর্ক করেছে। আগামী ১৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং সেদিনও উত্তর ২৪ পরগনার জেলাশাসককে রিপোর্ট নিয়ে উপস্থিত থাকতে হবে।