অভিষেকের ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্প বিতর্ক, শনিবারে বিধানসভায় বিশেষ বিবৃতির ঘোষণা মন্ত্রী শঙ্কর ঘোষের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির বা মেডিক্যাল ক্যাম্পে অনিয়মের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। এই ইস্যুতে আগামী শনিবার বিধানসভায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতি দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্য সরকারের মন্ত্রী শঙ্কর ঘোষ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, সেবাশ্রয়ের অনিয়ম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ওই দিন বিধানসভার অন্দরে স্পেশাল বক্তব্য রাখবেন তিনি।
কী নিয়ে দানা বেঁধেছে এই বিতর্ক? ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের এই জনপ্রিয় স্বাস্থ্যশিবিরের বিরুদ্ধে সম্প্রতি একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ তোলে বিরোধী শিবির। বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) লিখিত অভিযোগ দায়ের করে জানান যে, সেবাশ্রয় ক্যাম্পে এক্স-রে এবং ইউএসজি মেশিন ব্যবহারের ক্ষেত্রে আইনি নিয়ম ও প্রয়োজনীয় লাইসেন্স সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। এই অভিযোগের সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার ও বজবজের বেশ কিছু নার্সিংহোমে যৌথ অভিযান চালিয়েছে পুলিশ।
পাশাপাশি, এই শিবির থেকে ভুল চিকিৎসার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। বিজেপি নেতার দাবি ছিল, সঠিক ডিগ্রি বা এমবিবিএস সার্টিফিকেট ছাড়াই বহু হাতুড়ে চিকিৎসককে দিয়ে এই চিকিৎসা করানো হয়েছে। এমনকি সেবাশ্রয় থেকে রেফার হয়ে অন্য হাসপাতালে গিয়ে রোগীদের ভুল চিকিৎসার খেসারত দিতে হয়েছে বলেও অভিযোগ ওঠে।
মন্ত্রীর এই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। শনিবার বিধানসভায় এই হাই-ভোল্টেজ ইস্যুতে ঠিক কী ধরনের তথ্য সামনে আসে এবং শাসক বা বিরোধী শিবির কী অবস্থান নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।