মহিলা আন্দোলনকারীকে অশালীন স্পর্শ! মুম্বইয়ের ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

মুম্বইয়ের দাদর এলাকায় ‘ককরোচ জনতা পার্টির’ (CJP) ছাত্র-যুব বিক্ষোভ চলাকালীন এক মহিলা আন্দোলনকারীকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই খাকি পোশাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল ও মানবাধিকার কর্মীরা। মুম্বইয়ের কংগ্রেস সভাপতি বর্ষা গাইকওয়াড় এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে অভিযুক্ত পুলিশকর্মীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে মুম্বই পুলিশের দাবি, ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। তাদের বক্তব্য, ওই পুলিশকর্মী আদতে একজন পুরুষ বিক্ষোভকারীকে সরাতে গিয়েছিলেন, এবং ভিড়ের চাপে ভুল ধারণার সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলা এই আন্দোলনে পুলিশের আক্রমণাত্মক ভূমিকা বারবার বিতর্কের কেন্দ্রে উঠে আসছে।