কলকাতা হবে পূর্ব ভারতের ‘মাইস হাব’! পর্যটনে হাজার কোটি ব্যবসার বড় ঘোষণা মন্ত্রী শংকর ঘোষের

কলকাতা হবে পূর্ব ভারতের ‘মাইস হাব’! পর্যটনে হাজার কোটি ব্যবসার বড় ঘোষণা মন্ত্রী শংকর ঘোষের

কলকাতা: বিধানসভায় পর্যটন দফতরের বাজেট পেশের পর রাজ্যের পর্যটন শিল্প নিয়ে এক উচ্চাভিলাষী পরিকল্পনার কথা ঘোষণা করলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। পূর্ব ভারতের মধ্যে কলকাতাকে অন্যতম প্রধান পর্যটন ও বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলাই রাজ্য সরকারের মূল লক্ষ্য।

এদিন মন্ত্রী জানান, কলকাতাকে ‘ইস্টার্ন ইন্ডিয়ার মাইস (MICE) ক্যাপিটাল হাব’ হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যেই একটি বিশেষ ‘মাইস ব্যুরো’ গঠন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে এই ব্যুরোর মাধ্যমে প্রায় দু’হাজারটি জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার হাত ধরে রাজ্যে ২ হাজার কোটি টাকার ব্যবসার সম্ভাবনা দেখছে সরকার। এর পাশাপাশি, বিশ্ববাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু দুর্গাপুজোকেও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হচ্ছে।

রাজধানীর পাশাপাশি সুন্দরবন, দীঘা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দার্জিলিংয়ের মতো পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। পর্যটনে বিনিয়োগ টানতে ‘সিঙ্গল উইন্ডো পলিসি’, ক্যাশ ও নন-ক্যাশ ইনসেনটিভ এবং বিনিয়োগকারীদের জন্য বিশেষ ‘ইনভেস্টমেন্ট গ্রুপ’ তৈরির ঘোষণা করা হয়েছে। এছাড়া, ভিনরাজ্যের বাঙালিদের রাজ্যে ফেরাতে বিশেষ ‘পুজো প্যাকেজ’ এবং গ্রামবাংলার বনেদি বাড়ির পুজোকে পর্যটনের মানচিত্রে তুলে ধরতে ম্যাপিংয়ের কাজ চলছে। অন্যদিকে, বিপ্লবী রাসবিহারী বসুর পৈতৃক ভিটে সংক্রান্ত একটি অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *