ভুয়ো ড্রাগ কন্ট্রোল অফিসার সেজে দোকানে দাদাগিরি! বাঁকুড়ায় হাতেনাতে ধরা পড়ল দুই প্রতারক

নিজেদের ‘ড্রাগ কন্ট্রোল অফিসার’ হিসেবে পরিচয় দিয়ে ওষুধের দোকানে হানা এবং লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা তোলার অভিযোগ উঠল। শেষপর্যন্ত স্থানীয় ব্যবসায়ীদের বুদ্ধিমত্তায় হাতেনাতে ধরা পড়ে গেল দুই প্রতারক। বাঁকুড়ার খাতড়া থানার খড়বন এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই অভিযুক্তের মধ্যে একজনের নাম বিবেক বেরা, বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকায়। অন্যজনের নাম সন্টু মুখোপাধ্যায়, বাড়ি বাঁকুড়ার হেলনা শুশুনিয়া গ্রামে। সোমবারই ধৃতদের খাতড়া মহকুমা আদালতে হাজির করানো হয়।
কীভাবে ফাঁস হল জালিয়াতি?
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তেরা জঙ্গলমহলের একের পর এক ওষুধের দোকানে গিয়ে নিজেদের সরকারি আধিকারিক বলে পরিচয় দিচ্ছিলেন। সম্প্রতি খাতড়ার একটি দোকানে ঢুকে তাঁরা দোকানদারের কাছে ড্রাগ ও ট্রেড লাইসেন্স দেখতে চান। কিন্তু দোকানদার যখন পাল্টা তাঁদের পরিচয়পত্র দেখাতে বলেন, তখনই ক্ষিপ্ত হয়ে লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকি দেন তাঁরা।
অভিযোগ, ওই ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়। ভয় পেয়ে তিনি প্রথমে ১ হাজার টাকা দিয়েও দেন। এরপর ওই ভুয়ো অফিসাররা পাশের আরেকটি দোকানে হান দেন। ইতিমধ্যে প্রথম দোকানদার বিষয়টি স্থানীয় ওষুধ ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কথা বলে বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
এরপর আর কালবিলম্ব না করে তিনি অন্য ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পাশের দোকানে গিয়ে ওই দুই প্রতারককে ঘিরে ফেলেন এবং হাতেনাতে ধরে ফেলেন। খবর দেওয়া হয় খাতড়া থানায়। পুলিশ এসে দু’জনকে গ্রেফতার করে।