পুলিশ কর্মীদের জন্য বড় উপহার, রাজ্যজুড়ে থানা ও ব্যারাকে তৈরি হবে আধুনিক জিম!

পুলিশকর্মী মানেই অতিরিক্ত ওজন বা ভুঁড়ি—এমন একটা ধারণা অনেকের মনেই রয়েছে। লম্বা ডিউটি আওয়ার্স, অনিয়মিত খাদ্যাভ্যাস ও মানসিক চাপের কারণে অনেক কনস্টেবল ও অফিসারের শরীরই ফিট থাকে না। এই পরিস্থিতির পরিবর্তনে এবার বড় পদক্ষেপ নিল সরকার। পুলিশকর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে রাজ্যজুড়ে থানা ও ব্যারাকগুলিতে আধুনিক জিম তৈরির ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ভবানী ভবনে রাজ্য পুলিশের মনসুন কিট বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পুলিশকে আরও আধুনিক ও শারীরিকভাবে ফিট করে তুলতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। কাজের চাপের মাঝেই শরীরচর্চা ও খেলাধুলার ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি। পুলিশকর্মীদের উদ্দেশে তিনি জানান, তাঁরা কোন মাঠ ব্যবহার করতে চান বা কী ধরনের জিম সামগ্রী প্রয়োজন, সরকার তার সমস্ত ব্যবস্থা করে দেবে। থানা ও ব্যারাকগুলিতে প্রয়োজনীয় জিম তৈরির পাশাপাশি আধুনিক সরঞ্জামও দেবে রাজ্য সরকার।
পাশাপাশি, ১৪ হাজার কনস্টেবল পদে দ্রুত যোগদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। খেলাধুলার পাশাপাশি রাজ্যজুড়ে থানা ও পুলিশ ব্যারাকগুলির পরিকাঠামো নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। রাজ্যের ৫৫২টি থানার সিংহভাগের নিজস্ব স্থায়ী ভবন বা পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সহায়তায় প্রায় ২৫০ থেকে ৩০০টি থানার আধুনিকীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুলিশের গাড়ি ব্যবস্থা উন্নত করতে ৪,০০০টি পুরোনো গাড়ি বদলে নতুন ও আধুনিক গাড়ি আনার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে সমস্ত গাড়িতে বডি ক্যামেরা, সিসিটিভি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। জরাজীর্ণ পুলিশ আবাসনগুলি দ্রুত মেরামতের নির্দেশ দেওয়ার পাশাপাশি দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকা কর্মী এবং মহিলা পুলিশকর্মীদের সুবিধাজনক স্থানে পোস্টিং দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।