হেপাটাইটিস দমনে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হল ১২টি নতুন চিকিৎসা কেন্দ্র

হেপাটাইটিস দমনে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হল ১২টি নতুন চিকিৎসা কেন্দ্র

হেপাটাইটিস চিকিৎসাকে আরও উন্নত ও সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে তৎপর হল রাজ্য সরকার। মঙ্গলবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রাজ্যে আরও ১২টি নতুন ভাইরাল হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্রের সূচনা করা হয়েছে। এর ফলে রাজ্যে এই ধরনের মোট চিকিৎসার কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮টিতে। ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নিয়ন্ত্রণের জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গেই এই পদক্ষেপ করা হয়েছে।

এ দিন স্বাস্থ্য ভবনে আয়োজিত এক বিশেষ সেমিনারে নতুন কেন্দ্রগুলির উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং বিশিষ্ট চিকিৎসকরা। জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় রাজ্যজুড়ে সংক্রমণ রোধ, বিনামূল্যে পরীক্ষা, রোগ নির্ণয় এবং ওষুধ সরবরাহের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

চিকিৎসা ব্যবস্থাকে আরও পোক্ত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ সমন্বয় কমিটি গঠনের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য ভবন। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, বেসরকারি চিকিৎসকদের ব্যস্ততা থাকলেও তাঁদের সম্মান ও ভালোবাসার মাধ্যমেই এই কমিটিতে যুক্ত করা হচ্ছে। খুব শীঘ্রই এই কমিটির প্রথম বৈঠক ডাকা হবে এবং কদিনের মধ্যেই তৈরি হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP)।

উল্লেখ্য, এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ও লিভার ডিসঅর্ডার চিকিৎসায় রাজ্যের প্রথিতযশা চিকিৎসক মহেশ গোয়েঙ্কা, সুজিত চৌধুরী, অভিজিৎ চৌধুরী, দিলীপ টোডি এবং মইনুদ্দিন আহমেদ। নতুন এই কেন্দ্র ও কাঠামোর মাধ্যমে শুধু হেপাটাইটিস নয়, পাশাপাশি নন-অ্যালকোহলিক ও অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সংক্রান্ত চিকিৎসাতেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *