পুজোর আগেই সুখবর! ডিএ এবং অক্টোবর মাসের বেতন একসঙ্গে পাওয়ার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চলতি বছর পুজোয় রাজ্য সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি ফোটাতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ভবানীভবনের এক অনুষ্ঠান থেকে পুজোর আগেই সরকারি কর্মীদের ডিএ-সহ বেতন দেওয়ার বড় ঘোষণা করলেন তিনি। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দারুণ আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা।
সাধারণত রাজ্য সরকারি কর্মীরা প্রতি মাসের বেতন সেই মাসের শেষ কার্যদিবসে পেয়ে থাকেন। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, পুজোর মাসে তার অনেক আগেই কর্মীদের হাতে বেতন পৌঁছে যাবে। পাশাপাশি, রাজ্য বাজেটে যে ২০ শতাংশ অতিরিক্ত ডিএ ঘোষণা করা হয়েছিল, তা অক্টোবর মাস থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
এদিনের অনুষ্ঠান থেকে পুলিশ কর্মীদের বঞ্চনা ও বেতন কাঠামো নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আইপিএস স্তরের নীচের কর্মীদের কথা এতদিন সেভাবে ভাবা হয়নি। কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ফারাক এক দিনে মেটানো সম্ভব না হলেও, বাজেটে ঘোষিত ২০ শতাংশ ডিএ যে অক্টোবর মাসেই মিলবে, তা পুনর্ব্যক্ত করেন তিনি।
পাশাপাশি, অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যের সরকারি কর্মীদের বেতন কাঠামো পিছিয়ে রয়েছে এবং তাঁরা এতদিন সপ্তম পে কমিশন পাননি বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট হাতে পেলেই তা দ্রুত কার্যকর করা হবে।