নিম্নচাপ সরলেও মুক্তি নেই! উইকএন্ডে রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপ সরলেও মুক্তি নেই! উইকএন্ডে রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

গভীর নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় থাকায় রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টির অনুকূল আবহাওয়া বজায় রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া ও অ্যালার্ট

দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির প্রভাব বেশি থাকতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সপ্তাহান্তের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং—এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির এই রেশ বজায় থাকবে।

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে (সর্বোচ্চ ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস) থাকলেও বাতাসে আর্দ্রতার জেরে অস্বস্তি বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *