পড়ুয়াদের পুষ্টি বাড়াতে বড় পদক্ষেপ, মিড ডে মিলের মেনুতে কি আসছে চিকেন বিরিয়ানি?
/indian-express-bangla/media/media_files/2026/07/15/mid-day-meal-2026-07-15-11-47-47.jpg?w=640&resize=640,360&ssl=1)
স্কুলের মিড ডে মিল প্রকল্পে ডিমের পাশাপাশি এবার সপ্তাহে একদিন করে চিকেন বিরিয়ানি দেওয়ার প্রস্তাব নিয়ে শুরু হয়েছে জল্পনা। সরকারি স্কুলের পড়ুয়াদের পুষ্টির মান আরও উন্নত করতে এই অভিনব প্রস্তাব বিবেচনা করছে তামিলনাড়ু সরকার। সে রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী রাজমোহন মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে এই প্রস্তাব পেশ করেছেন।
সরকারি সূত্রের খবর, প্রস্তাবটি বর্তমানে মুখ্যমন্ত্রীর বিবেচনাধীন রয়েছে, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রীর দাবি, তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক জমানাতেই স্কুলগুলির পুষ্টি কর্মসূচিকে সমৃদ্ধ করার ধারা বজায় রাখা হয়েছে। কে কামারাজারের চালু করা মিড ডে মিল প্রকল্পে পরবর্তীতে কালাইঞার করুণানিধি ডিম এবং জয়ললিতা সপ্তাহজুড়ে ডিম বিতরণের ব্যবস্থা করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই সপ্তাহে একদিন চিকেন বিরিয়ানি চালু করতে চান তিনি।
তামিলনাড়ু দীর্ঘদিন ধরেই স্কুলভিত্তিক পুষ্টি কর্মসূচিতে দেশের অন্যতম পথপ্রদর্শক। ১৯৫০ সালে চালু হওয়া এই প্রকল্পে ২০২২ সালে ব্রেকফাস্ট স্কিমও যুক্ত করা হয়েছিল। শিক্ষামন্ত্রীর এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা মিড ডে মিলের ইতিহাসে অন্যতম বড় পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে পড়ুয়াদের পুষ্টির মান উন্নত হওয়ার পাশাপাশি স্কুলেও শিশুদের উপস্থিতি বাড়বে বলে আশা সরকারের। এছাড়া, প্রাতঃরাশের একঘেয়ে মেনু বদলেও পুষ্টিকর ও শিশুদের পছন্দের খাবার যুক্ত করার পরিকল্পনা করছে রাজ্যটি।