শুভেন্দুর নজির টেনেও আংশিক স্বস্তি! হাইকোর্টে কতটা ধাক্কা খেলেন অভিষেক?

শুভেন্দুর নজির টেনেও আংশিক স্বস্তি! হাইকোর্টে কতটা ধাক্কা খেলেন অভিষেক?

কলকাতা: আইনি লড়াইয়ে কিছুটা স্বস্তি পেলেও এখনই পুরোপুরি রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুরনো মামলার উদাহরণ টেনে আদালতে জোরালো সওয়াল করা হলেও, আপাতত আগামী ৬ আগস্ট পর্যন্ত কেবল ৩টি নির্দিষ্ট মামলাতেই স্বস্তি পেলেন তিনি।

হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানির দিন পর্যন্ত ভবানীপুর, কালীতলা ও বিষ্ণুপুর থানার ওই তিনটি এফআইআর-এর (FIR) ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তাঁর বিরুদ্ধে থাকা বাকি ৫টি মামলায় আপাতত কোনো হস্তক্ষেপ করতে রাজি হয়নি আদালত। পাশাপাশি, অভিষেকের বিরুদ্ধে এ পর্যন্ত মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবী গোপাল শংকরনারায়ণ দাবি করেন, ২০২১ সালে শুভেন্দু অধিকারীর ১৭টি এফআইআর-এর ক্ষেত্রে হাইকোর্ট যেভাবে সুরক্ষাকবচ দিয়েছিল, একই নিয়ম অভিষেকের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। ৮ বছর পুরনো রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই মামলাগুলি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে রাজ্য ও কেন্দ্রের আইনজীবীরা এই যুক্তির বিরোধিতা করে জানান, দুটি ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা।

সব পক্ষের সওয়াল-জবাব শুনে আদালত প্রশ্ন তোলে, এসব মামলায় এখনই গ্রেফতার করার মতো জরুরী পরিস্থিতি কোথায়? শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে ৬ আগস্ট পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়। ওই সময়ের মধ্যে সব তথ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *