২৪ ঘণ্টায় ৩ নৃশংস খুন, রক্তের হোলিতে কেঁপে উঠল রাজধানী দিল্লি!

২৪ ঘণ্টায় ৩ নৃশংস খুন, রক্তের হোলিতে কেঁপে উঠল রাজধানী দিল্লি!

গত ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় রাজধানী দিল্লিতে পরপর ৩টি পৃথক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর-পশ্চিম দিল্লির কেশবপুরম, অশোক বিহার এবং উত্তর-পূর্ব দিল্লির নিউ উসমানপুর—এই তিন এলাকায় একের পর এক হিংসাত্মক ঘটনা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

প্রথম ঘটনা: উত্তর-পশ্চিম দিল্লির কেশবপুরমে বুধবার রাতে নিজ বাড়িতেই ২০ বছর বয়সী এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ২৩ বছর বয়সী সৌরভ ওই তরুণীর পরিচিত এবং তাদের ভবনের কেয়ারটেকার হিসেবে কাজ করত। কোনো অজুহাতে তরুণীকে তৃতীয় তলার একটি ঘরে ডেকে নিয়ে যাওয়ার পর দুজনের মধ্যে বচসা হয়। এরপরই ওই তরুণীর কপালে গুলি চালিয়ে চম্পট দেয় অভিযুক্ত। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

দ্বিতীয় ঘটনা: অশোক বিহারের ভারত নগর এলাকায় একটি পার্কে বসে থাকা ২৬ বছর বয়সী এক নারীর শ্লীলতাহানির চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। সঙ্গে থাকা সুনীল নামে এক যুবক এর তীব্র প্রতিবাদ করলে দুষ্কৃতীরা সুনীল ও ওই নারীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুনীলকে মৃত ঘোষণা করেন। আহত নারী বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনায় জড়িত এক নাবালককে আটক করেছে পুলিশ।

তৃতীয় ঘটনা: উত্তর-পূর্ব দিল্লির নিউ উসমানপুরে ব্যক্তিগত শত্রুতাবশত এক নাবালককে উপরি-উপরি ছুরিকাঘাত করে খুন করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

প্রতিটি ঘটনার পরই পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। নির্দিষ্ট ধারায় মামলা করে পলাতকদের ধরতে একাধিক টিম তৈরি করা হয়েছে। এক দিনে পরপর তিন খুনের ঘটনা রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *