বর্ধমান থেকে ধৃত জইশ জঙ্গি! শুভেন্দুর গতিবিধিতে নজরদারির আশঙ্কায় হুলুস্থুল, নিউটাউন-যোগ ফাঁস

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) এক বিশাল সাফল্য। বর্ধমান শহরের একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হলো হামিদ মন্ডল নামে এক সন্দেহভাজন জঙ্গি যুবককে। এসটিএফ সূত্রে খবর, ধৃত হামিদ কাশ্মীরের বাসিন্দা এবং সে কুখ্যাত জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মোহাম্মদ’-এর সাথে সরাসরি যুক্ত। শুক্রবারই তাকে বর্ধমান আদালতে পেশ করার ব্যবস্থা করা হচ্ছে।
অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার, যোগসূত্র নিউটাউনেও গোপন সূত্রের খবর পেয়ে গোয়েন্দারা বর্ধমানের ওই অভিজাত আবাসনে হানা দেন, যেখানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আস্তানা গেড়েছিল হামিদ। তদন্তে জানা গিয়েছে, বর্ধমানে আসার ঠিক আগেই কলকাতার উপকণ্ঠে নিউটাউনের একটি ভাড়া ফ্ল্যাটে বেশ কিছুদিন লুকিয়ে ছিল সে।
নিশানায় কি বিরোধী দলনেতা? ঘনাল রহস্য ঘটনায় সবচেয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে নিউটাউনের ফ্ল্যাটের অবস্থানকে কেন্দ্র করে। গোয়েন্দারা জানতে পেরেছেন, হামিদ নিউটাউনে যে ফ্ল্যাটে থাকত, তার ঠিক কাছেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাসস্থান।
এসটিএফ-এর দাবি, হামিদ প্রতিনিয়ত শুভেন্দু অধিকারীর রুট এবং যাতায়াতের সময়সূচীর ওপর কড়া নজর রাখত। তিনি কোন পথে যাতায়াত করছেন বা কখন বেরোচ্ছেন—সেই সমস্ত তথ্য সংগ্রহ করত সে। তার মোবাইল ফোনের ‘টাওয়ার লোকেশন’ ট্র্যাক করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে, যা তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।
বাড়িমালিকদের জেরা, শিকড়ের খোঁজে এসটিএফ ইতোমধ্যেই বর্ধমান এবং নিউটাউনের যে সমস্ত বাড়িমালিকদের থেকে হামিদ ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, তাঁদের সনাক্ত করে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। জইশের এই বিপজ্জনক নেটওয়ার্ক বাংলা তথা দেশের কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে হামিদকে হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এসটিএফ।