‘কান টানলেই মাথা আসবে, গন্তব্য কালীঘাট!’ টুলু মণ্ডল কাণ্ডে তৃণমূলকে তুলোধোনা দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি: ভূমি দুর্নীতি কণ্ডে তৃণমূল নেতা টুলু মণ্ডলের নাম সামনে আসতেই শাসকদলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, সরকারি জমি দখল, একই জমি বারবার রেজিস্ট্রি এবং সেই জমিতে বেআইনি হোটেল-রিসর্ট তৈরির পেছনে বড়সড় জালিয়াতি রয়েছে, যার সঙ্গে যুক্ত টুলু মণ্ডল। তদন্ত এগোলে আরও বড় মাথার হদিস মিলবে বলে দাবি তাঁর।

দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্য সরকারের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দীর্ঘদিন ধরে দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে। বিশেষ করে বিএলআরও অফিসকে নিশানা করে তিনি বলেন, একই জমি একাধিকবার বেআইনিভাবে বিক্রি ও রেজিস্ট্রি করা হয়েছে। তাঁর দাবি, এই সুবিধার মূল সুবিধাভোগী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও নিজের এই দাবির পক্ষে কোনো নথি প্রকাশ্যে আনেননি তিনি।

বারিক বিশ্বাসের নাম উঠে আসা প্রসঙ্গে বিজেপি নেতা জানান, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। তৃণমূলের অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জেলায় জেলায় টাকা তোলার জন্য হ্যান্ডলার তৈরি করা হয়েছিল, যারা নিচে থেকে টাকা তুলে ওপরে পাঠাত। এখন এক জায়গায় হাত পড়েছে, কান টানলেই মাথা আসবে। আর সব রাস্তা গিয়ে শেষ হবে সেই কালীঘাটেই।” সম্প্রতি সরকার ও পুলিশের সক্রিয়তা নিয়েও নিজের মত জানান তিনি।

এ ছাড়া মদন মিত্রের বক্তব্যকে কটাক্ষ করে নিউ টাউনের একটি হোটেল বেআইনি দখলের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি জানান দিলীপ। তসলিমা নাসরিনের রাজ্যে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, সরকার চাইলে তাতে কোনো আইনি বাধা থাকা উচিত নয়। অন্যদিকে, ভারত-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, আমন্ত্রণ পেলে যাবেন; তবে অতীতে মেসিকে এনে রাজ্য ফুটবলকে ‘কলঙ্কিত’ করা হয়েছিল বলেও বিতর্কিত মন্তব্য করেন এই বিজেপি নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *