সেবাশ্রয়ে বেআইনি লিঙ্গ নির্ধারণ! নোদাখালির ক্লিনিকের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য প্রশাসন

ক্লিনিকের নিয়ম ভেঙে সেবাশ্রয় ক্যাম্পে ইউএসজি (USG) মেশিন ব্যবহারের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনায়। অভিযোগ, সেখানে বেআইনিভাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হতো। এই গুরুতর অভিযোগে নোদাখালির ‘জীবন আরোগ্য আলট্রাসোনোগ্রাফি ও জেনেটিক ক্লিনিক’-এর লাইসেন্স বাতিল করেছে জেলা স্বাস্থ্য প্রশাসন।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের একটি দল ওই হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়ে ইউএসজি মেশিনের বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো নথিপত্র দেখাতে পারেনি। তাঁদের দাবি, মেশিনটি ডায়মন্ড হারবার থানার পুলিশ আগেই বাজেয়াপ্ত করে মালখানায় রেখেছে।
প্রাক্তন তৃণমূল সরকারের আমলে ডায়মন্ড হারবারের তৎকালীন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সেবাশ্রয়’ নামে এই নিখরচায় চিকিৎসা শিবির শুরু করেছিলেন। তবে সরকার পরিবর্তনের পর থেকেই এই শিবিরের বিরুদ্ধে অপচিকিৎসা, অঙ্গহানি এবং বেআইনি লিঙ্গ নির্ধারণের মতো একাধিক মারাত্মক অভিযোগ উঠতে শুরু করে। এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় কড়া বিবৃতি দিয়ে অভিষেকের বিরুদ্ধে সরব হয়েছেন এবং বিষ্ণুপুরসহ একাধিক থানায় এফআইআরও দায়ের হয়েছে।
এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নোদাখালির ওই ক্লিনিকে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্লিনিকের লাইসেন্স জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।