৫০ কোটির সোনা-টাকা উদ্ধারের পর ভুবনডাঙায় পুলিশি হানা: গভীর রাতে আটক যুবক, তুঙ্গে টুলু-যোগের জল্পনা!

বোলপুর: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে সাড়াজাগানো সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা (যার মোট মূল্য প্রায় ৫০.৫ কোটি টাকা) উদ্ধারের পর, এবার বোলপুরে পুলিশের বড়সড় অভিযান। বৃহস্পতিবার গভীর রাতে শান্তিনিকেতনের গুরুপল্লি সংলগ্ন সমীন্দ্রপল্লি থেকে রাকিব নামে এক যুবককে আটক করেছে বোলপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টা বাজতেই বোলপুরের অ্যাডিশনাল এসপি মানবেন্দ্র দাসের নেতৃত্বে প্রায় ১০টি পুলিশের গাড়ি নিয়ে ভুবনডাঙা এলাকায় ঢোকে পুলিশবাহিনী। টিমে ছিলেন বোলপুর থানার আইসি এবং শান্তিনিকেতন থানার ওসি-সহ বিশাল পুলিশকর্মী। ভুবনডাঙা ও তার আশপাশের এলাকায় দীর্ঘক্ষণ ধরে চিরুনি তল্লাশি চালানোর পর রাকিবকে আটক করা হয়।
কেন এই আটক? পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো না হলেও, সূত্রের খবর—বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নিজামুদ্দিনের সাথে রাকিবের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই মহম্মদবাজার ও সিউড়িতে টুলুর আত্মীয় এবং নিজস্ব বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। ভুবনডাঙা এলাকাতেও টুলুর কোনো আর্থিক লেনদেন বা বেনামী সম্পত্তি রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। আটক রাকিবকে জিজ্ঞাসাবাদের পর নতুন কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর সবার।