“পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেই জেল!” অ্যান্টি-পেপার লিক বিলে মোদীর চরম হুঁশিয়ারি

কলকাতা: দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রশ্নফাঁসমুক্ত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সংসদের উভয় কক্ষেই পাস হয়েছে ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’, যা ‘অ্যান্টি-পেপার লিক বিল’ নামে পরিচিত। রাষ্ট্রপতির সম্মতি পেলেই এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে।
বিলটি পাস হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দেন, দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে কাউকে রেয়াত করা হবে না। প্রশ্নফাঁস চক্র বা ‘পেপার মাফিয়া’দের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বহু দশক ধরে প্রশ্নফাঁসের কারণে ছাত্রছাত্রীদের পরিশ্রম ও স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। তাই এর স্থায়ী সমাধানে কঠোর আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। পরীক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বিশ্বাসযোগ্য করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং বিশেষ টাস্ক ফোর্স তৈরির মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নতুন আইনে যা থাকছে:
- প্রশ্নফাঁস ও সংঘবদ্ধ পরীক্ষানির্ভর জালিয়াতির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান।
- নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ ও ফাস্ট-ট্র্যাক আদালতের মাধ্যমে দ্রুত বিচার।
- পরীক্ষার কারচুপিতে যুক্ত অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ।
সংসদে এই বিল পাস হওয়ার পর শিক্ষা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কেন্দ্রের দাবি, নতুন এই আইন কার্যকর হলে দেশের প্রতিযোগিতামূলক ও সরকারি চাকরি বা ভর্তির পরীক্ষায় জালিয়াতি সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে।