‘মোদী ভক্ত’ শাহাজাদ পুনাওয়ালার আচমকা দলত্যাগ! নেপথ্যে কি জেন-জি আন্দোলনের চাপ?

বিজেপি ত্যাগ করলেন দলের অন্যতম পরিচিত মুখ তথা সর্বভারতীয় মুখপাত্র শাহাজাদ পুনাওয়ালা। শুক্রবার সকালে এক্স (সাবেক টুইটার)-সহ তাঁর যাবতীয় সমাজমাধ্যম অ্যাকাউন্টের বায়ো থেকে বিজেপির পরিচয় মুছে ফেলেছেন তিনি।
স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেবল দলীয় পদই নয়, বিজেপির সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করছেন তিনি। তবে দল ছাড়লেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর শ্রদ্ধা যে একইরকম অটুট থাকবে, তা-ও উল্লেখ করেছেন পুনাওয়ালা।
২০১৭ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শাহাজাদ। তৎকালীন কংগ্রেসের সভাপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এবং গান্ধী পরিবারের বিরুদ্ধে সরব হয়ে তিনি দল ছেড়েছিলেন। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি নিজেকে প্রকাশ্যেই ‘মোদী ভক্ত’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। দলও তাঁকে জাতীয় মুখপাত্রের দায়িত্ব দিয়ে গুরুত্ব দিয়েছিল।
তবে বিজেপির অভ্যন্তরীণ সূত্র মারফতের খবর, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে আয়োজিত জেন-জি (Gen-Z) আন্দোলনের সময় দলীয় মুখপাত্র হিসেবে তিনি পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে পারেননি—এমন একটি আলোচনা দলের অন্দরে উঠছিল। সেই জল্পনা ও চাপের জেরেই কি তাঁর এই হঠাৎ পদত্যাগ, তা নিয়ে এখন তোলপাড় রাজনৈতিক মহল।
দল ছাড়লেও সমাজমাধ্যমে মোদী-ভক্তি বজায় রেখেছেন পুনাওয়ালা। এক্স-এর বায়োতে নিজেকে ‘নরেন্দ্র মোদীর আজীবন অনুসারী’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। উল্লেখ্য, এই নামেই তাঁর একটি বই-ও রয়েছে। এ ছাড়া তিনি ‘জার্নি অফ জিএসটি’ বইটিরও লেখক। বর্তমানে তাঁর বায়োতে লেখা রয়েছে— ‘ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়।’