চিয়া সিডের দিন শেষ? এই ২ দেশি দানার কাছে ‘ফেল’ মহার্ঘ্য বিদেশি সুপারফুড!

রোজ সকালে উঠে এক গ্লাস জলে চিয়া সিড গুলে খেয়ে ভাবছেন শরীরের জন্য দারুণ কিছু করলেন? পুষ্টিবিদদের মতে, এটি জাদুকরী স্বাস্থ্যগুণের চেয়েও বেশি এক আধুনিক ট্রেন্ড। চিয়া সিডে যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, তা মূলত এএলএ (ALA) রূপ। কিন্তু আমাদের শরীরের আসল প্রয়োজন ইপিএ (EPA) ও ডিএইচএ (DHA)। চিয়া সিড থেকে এই প্রয়োজনীয় উপাদান মাত্র ৫ থেকে ১০ শতাংশ পাওয়া যায়। ফলে এটি শরীরের ওমেগা-৩ চাহিদাকে কখনোই পুরোপুরি মেটাতে পারে না।
বিদেশি চিয়া সিডের তুলনায় আমাদের দেশীয় সাবজা সিড (মিছরি দানা) এবং তিসি (Flax seeds) অনেক বেশি গুণ সমৃদ্ধ ও কার্যকর। আমাদের আবহাওয়া এবং শরীরের গড়নের সঙ্গে এই দেশি উপাদান দুটি দারুণভাবে খাপ খায়। সাবজা সিড দ্রুত পেট ঠান্ডা করে ও হজমশক্তি বাড়ায়। অন্যদিকে, তিসিতে ওমেগা-৩ এর পাশাপাশি রয়েছে প্রচুর লিগনান (Lignan)। প্রতিদিন খাদ্যতালিকায় তিসি ও সাবজা রাখলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে, হরমোনের ভারসাম্য বজায় থাকে এবং ক্যানসারের মতো মারাত্মক রোগ প্রতিরোধেও সাহায্য মেলে।
কীভাবে খাবেন? ভারতীয় খাদ্যভ্যাসে এই দুটি উপাদান যোগ করা যেমন সহজ, তেমনই সুস্বাদু:
- সাবজা সিড: জলে ভিজিয়ে লেবুর শরবত বা দইয়ের সঙ্গে অনায়াসে খাওয়া যায়। দিনে ১-২ চামচ সাবজা সিড খেলেই প্রোটিন, ফাইবার ও প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হয়।
- তিসি: হালকা ভেজে গুঁড়ো করে নিয়ে ডাল, তরকারি, স্মুদি বা ওটসের ওপর ছড়িয়ে খেলে স্বাদ ও পুষ্টি দুটিই বাড়ে।
মেক্সিকো থেকে চড়া পরিবহন ও প্যাকেজিং খরচ পার করে আসা চিয়া সিডের দাম বাজারে আকাশছোঁয়া! অথচ আমাদের রান্নাঘরে যুগ যুগ ধরে ব্যবহৃত তিসি ও সাবজা দানা অনেক কম খরচে একই বা তার চেয়েও বেশি পুষ্টি যোগাতে সক্ষম। তাই অহেতুক বিদেশি ব্র্যান্ডিংয়ের পেছনে অতিরিক্ত টাকা না ঢেলে, আমাদের সাশ্রয়ী ও ঐতিহ্যবাহী তিসি এবং সাবজাকে বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।